মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাজেকের ‘হাজাছড়া ঝরনা’ বন্ধ ঘোষণা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

Aug 29, 2026 - 11:26
 0
মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাজেকের ‘হাজাছড়া ঝরনা’ বন্ধ ঘোষণা

মাদক সেবন, অসামাজিক কর্মকাণ্ড, বাগান নষ্ট ও পরিবেশ দূষণের অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ১০ নম্বর পাড়ায় অবস্থিত ‘হাজাছড়া ঝরনা’ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় যুব সমাজ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে ‘সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি’র উদ্যোগে স্থানীয় যুব সমাজের একটি দল ঝরনায় প্রবেশের মূল পথে অবস্থান নিয়ে পর্যটক ও দর্শনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়। পরে ঝরনাটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, বিনোদনের উদ্দেশ্যে ঝরনায় আসা পর্যটকদের একটি অংশ সেখানে মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করেন। এতে মাতাল অবস্থায় মারামারি ও নানা অনৈতিক কর্মকাণ্ডের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ঝরনার আশপাশের স্থানীয়দের কলা, আনারস ও বেলসহ বিভিন্ন ফলজ বাগানের ক্ষতি এবং পলিথিন ও প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য যত্রতত্র ফেলে রাখার অভিযোগও রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি ঝরনার নিচের জমির মালিক ও স্থানীয় কৃষকেরাও ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে প্রশাসন, এলাকার মুরুব্বি ও কৃষকরা বিভিন্নভাবে ঝরনায় যাতায়াত নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। তবে তা কার্যকর হয়নি।

পরিস্থিতি বিবেচনায় কয়েকদিন আগে ‘সাজেক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা কমিটি’ ঝরনার প্রবেশপথ ও আশপাশে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করে। ‘প্রকৃতিকে বাঁচান, জীববৈচিত্র্য রক্ষা করুন’ শিরোনামের ওই সাইনবোর্ডে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা, পচনশীল ময়লা নিক্ষেপ, মাদক সেবন, অশালীন ও বিশৃঙ্খল আচরণ এবং স্থানীয় বাগান-বাগিচার ক্ষতি না করার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু এসব নির্দেশনা কার্যকর না হওয়ায় গত ২৫ আগস্ট ‘সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি’র ফেসবুক পেজে ২৮ আগস্ট থেকে ঝরনাটি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার স্থানীয় যুব সমাজকে সঙ্গে নিয়ে ঝরনায় প্রবেশের মূল পথ বন্ধ করে দেওয়া হয়।

এ সময় যুব সমাজের পক্ষ থেকে বলা হয়, ঝরনার পাশে স্থাপন করা সাইনবোর্ডে উল্লেখিত নির্দেশনাগুলো পর্যটক-দর্শনার্থীরা মেনে চললে ঝরনাটি বন্ধ করার প্রয়োজন হতো না।

একই সঙ্গে ঝরনা বন্ধ রাখার বিষয়টি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অন্যদের জানিয়ে দিতে উপস্থিত পর্যটক ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।