গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন রেকলেস-৪৪
শিহাব আহসান, কনট্রিবিউটিং রিপোর্টার, গবি
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি প্রিমিয়ার লীগ-২০২৬ (ফুটবল) এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রেকলেস-৪৪ দল।
বুধবার (২০ মে) দুপুরে 'গণ বিশ্ববিদ্যালয় ফার্মেসি স্টুডেন্ট'স এসোসিয়েশন (জিবিপিএসএ)' আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় রেকলেস-৪৪ ও র-৪৩ দুইটি দল অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রিক্লেস-৪৪ দল ৩–২ গোলে র-৪৩ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সহ-শিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের বিভাগীয় ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়ামনস্কতা বৃদ্ধিতে ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারের আসরে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থেকে ৭টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।