গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত
শিহাব আহসান, গবি প্রতিনিধি
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) উদ্যোগে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দিবসটি উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে মূল ফটকে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক শাহ আলম এবং ফটোগ্রাফিক সোসাইটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ডা. নিলয় কুমার এবং ফটোগ্রাফিক সোসাইটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক শাহ আলম বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী এই মাঠেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণস্বাস্থ্যের শিক্ষার্থীদের আয়োজনে উপস্থিত ছিলেন। এই সংগঠনের জন্ম এবং কার্যক্রম, তাদের আলোকচিত্র প্রদর্শনী অত্যন্ত প্রশংসনীয়। ছবি সমাজের দর্পণ, পৃথিবীর ইতিহাস ধরে রাখে ছবি। আমরা আশা করি, গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি তাদের আদর্শ কার্যক্রম টিকিয়ে রাখবে।’
ফটোগ্রাফিক সোসাইটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ডা. নিলয় কুমার দে বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী চিন্তা করেছেন, কীভাবে ছবির মাধ্যমে সমাজকে ফুটিয়ে তোলা যায়, কীভাবে সমাজকে বার্তা দেওয়া যায় এবং ছবির মাধ্যমে কীভাবে গবেষণাকে ফুটিয়ে তোলা যায়। শুধু দেশে নয়, বহির্বিশ্বেও এটি নিয়ে কাজ করার জন্য তিনি ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। আমরা চেষ্টা করছি, চেষ্টা করব জাফরুল্লাহ চৌধুরী ফটোগ্রাফিক সোসাইটি নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে।’
ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাজমুল মুক্তাদির সাইমুম বলেন, 'আমাদের এই পথচলায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির স্বপ্নদ্রষ্টা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারকে। তিনি বিশ্বাস করতেন তরুণদের সৃজনশীলতা, স্বাধীন চিন্তা ও মানবিক মূল্যবোধের বিকাশে। তার সেই স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই আমরা আলোকচর্চার মাধ্যমে তরুণদের সৃজনশীলতা বিকাশ এবং সমাজকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি।'
তিনি আরও বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে আমাদের প্রত্যাশা-আলোকচিত্র শুধু বিনোদনের মাধ্যম না হয়ে সমাজের কথা বলুক, মানুষের কথা বলুক এবং ইতিহাসকে সংরক্ষণ করুক।’