বিশেষ অভিযানে মানিকগঞ্জে ৩ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরের দিকে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুমের অনুপস্থিতি এবং প্যাথলজি বিভাগে বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে।
এসব অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। আর মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
সিভিল সার্জন জানান, জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।