লোহাগাড়ায় ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা: ২ এলজিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 16, 2026 - 15:18
 0
লোহাগাড়ায় ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা: ২ এলজিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুইটি দেশীয় তৈরি এলজি। জব্দ করা হয়েছে অস্ত্র বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মুঠোফোন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত নিয়মিত চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি) বিশেষ নির্দেশনায় এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে মহাসড়কে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসআই (নিরস্ত্র) মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দেয়।

কিন্তু চালক পুলিশের নির্দেশ অমান্য করে গাড়ি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ দল পিছু ধাওয়া করে চুনতি সরকারি মহিলা কলেজ গেটের সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়।

গাড়িটি আটক করার পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে প্রাইভেটকারের পেছনের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত  ৩ আসামি 
১. হোসাইন আহমেদ (৪২)
২. মোহাম্মদ আয়াতুল্লাহ (২৭)
৩. মোঃ আসাদুজ্জামান

লোহাগাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।