​লামায় ২৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রস্তুতি: ১৪৫ কেন্দ্রে বসবে ক্যাম্পেইন

আমিনুল ইসলাম খন্দকার ,বান্দরবান প্রতিনিধি

Jun 24, 2026 - 22:38
 0
​লামায় ২৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রস্তুতি: ১৪৫ কেন্দ্রে বসবে ক্যাম্পেইন

বান্দরবানের লামায় ২৩ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন রবিবার উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হবে। 

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল রুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোলায়মান।

​অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণব বড়ুয়া, মেডিকেল অফিসার ডা. ফরহাদ উদ্দিন, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা উপ-প্রকল্প সমন্বয়ক রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, থানা পুলিশের উপ-পরিদর্শক সত্যজিৎ বড়ুয়া, প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী ও ওয়াহেদ উল্লাহ। সভায় স্বাস্থ্য সেবিকা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।

​এ বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) গোলাম মোস্তফা লিটন বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬৭৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৯৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে একযোগে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে প্রতি কেন্দ্রে ২ জন করে মোট ২৮৮ জন স্বাস্থ্যকর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করবেন।