সিঙ্গাপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে কোয়ান্টামের ৭ শিক্ষার্থী
আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান প্রতিনিধি
সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২১তম জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপস (এসজিপি)-এ লাল-সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে লড়ছে বাংলাদেশের ৭ উদীয়মান জিমন্যাস্ট। দেশের ক্রীড়াঙ্গনে গৌরবের এই আলো ছড়িয়েছে বান্দরবানের লামার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, ১ জুন থেকে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি চলবে আগামী ৮ জুন ২০২৬ পর্যন্ত। এতে অংশগ্রহণের জন্য ফেডারেশন কর্তৃক কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন প্রতিভাবান জিমন্যাস্টকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এই ৭ জিমন্যাস্ট হলেন— উহাই মং মার্মা, প্রেনথৈ স্নো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা, ওয়ে ওয়ে সাই মার্মা।
পাহাড়ি অঞ্চলের এসব অবহেলিত প্রতিভা কোয়ান্টাম কসমো স্কুলের সঠিক গাইডলাইন, কঠোর শৃঙ্খলা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আজ আন্তর্জাতিক মানের অ্যাথলেটে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং কোচদের নিখুঁত নির্দেশনায় তারা আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের হয়ে লড়াই করার গৌরব অর্জন করেছে। ফেডারেশনের এক পত্রে আনুষ্ঠানিকভাবে এই খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন— "আমাদের মূল লক্ষ্যই ছিল তৃণমূল পর্যায় থেকে এমন জিমন্যাস্ট তৈরি করা, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আজ যখন আমাদের ছেলে-মেয়েরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে লড়াইয়ের জন্য মনোনীত হয়, তখন পুরো প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম সার্থক মনে হয়। আমরা আশাবাদী, সিঙ্গাপুরের এই আসরে তারা দেশের জন্য বড় গৌরব বয়ে আনবে।"
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষের ভূয়শী প্রশংসা করে লামা উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে তৃণমূল পর্যায়ের শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক অবদান রেখে চলেছে।