এবারের বিশ্বকাপ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে

প্রিয়তোষ রায়,কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

Jun 11, 2026 - 00:14
 0
এবারের বিশ্বকাপ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে
সংগৃহীত

১২ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এবারের আসর। চলবে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ইতিহাসে প্রথম বারের মত ৩২ টির পরিবর্তে ৪৮ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যার ফলে মোট ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪ এ উন্নীত হয়েছে।

ফুটবল বিশ্বকাপ এর ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ একসাথে যৌথভাবে পুরুষদের বিশ্বকাপ আয়োজন করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পাশাপাশি মেক্সিকো এবং কানাডার স্টেডিয়ামগুলোতে ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়াম প্রথম ভেন্যু হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনন্য ইতিহাস গড়ছে।

৪৮ টি দেশকে ৪ টি করে দলের মোট ১২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দলগুলো এবং সেরা রানার্স আপরা নক আউট পর্বে খেলার সুযোগ পাবে।

ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় পুরো টুর্নামেন্টটি ফুটবল প্রেমীদের জন্য আরও বেশি বিনোদনমূলক হবে। নতুন এই ফরম্যাটের কারণে বেশকিছু  নতুন দেশ প্রথমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।

 টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল হিসেবে ব্যবহৃত হচ্ছে আডিডাসের তৈরি "আডিডাস ট্রিওন্ডা।" ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, যিনি এই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।