মুক্তিপণের ৩ লাখ টাকাসহ থানচিতে অপহরণকারী আটক, অপহৃত ঠিকাদার উদ্ধার
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে অপহৃত বাঙালি ঠিকাদার মো. আমু হোসেনকে (৫০) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মুক্তিপণের নগদ ৩ লাখ টাকাসহ সশস্ত্র সন্ত্রাসী চক্রের সদস্য মাংলে ম্রো-কে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে থানচি উপজেলার পাহাড়ি জনপদ বিদ্যামনিপাড়া এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে থানচি বাজার সংলগ্ন একটি বাসা থেকে ঠিকাদার আমু হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। ভুক্তভোগীর জীবন বাঁচাতে তার পরিবার অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের টাকা দিতে বাধ্য হয়। খবর পেয়ে বিজিবির একটি আভিযানিক দল নিবিড়ভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি বিশ্লেষণ করে অপহরণকারীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
পরবর্তীতে রাত আনুমানিক ২টার দিকে থানচি উপজেলার পাহাড়ি জনপদ বিদ্যামনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মুক্তিপণের ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক অপহরণকারীর নাম মাংলে ম্রো (২৬)। তিনি দিংতে পাড়া এলাকার বাসিন্দা মেনতাং ম্রো-এর ছেলে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বলিপাড়া জোন কমান্ডার মো. ইয়াসির আরাফাত হোসেন জানিয়েছেন, থানচি একটি পর্যটনবান্ধব এলাকা এবং এখানে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। এলাকাটি বর্তমানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারিতে রয়েছে। খুব শিগগিরই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সেখানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।