গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

শিহাব আহসান, কনট্রিবিউটিং রিপোর্টার, গবি

May 20, 2026 - 15:21
 0
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

তত্ত্বীয় জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন করেছে।

গত মঙ্গলবার (১৯ মে) একাডেমিক ইন্ডাস্ট্রি কলাবরেশনের নিমিত্তে ভেটেরিনারি অনুষদ এবং পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের যৌথ প্রচেষ্টায় পরিদর্শন সম্পন্ন হয়। 

এনিমেল প্রোডাকশন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ উৎপাদন, খামার ব্যবস্থাপনা এবং ব্যবহারিক জ্ঞানের সাথে পরিচিত করার লক্ষ্যে অনুষদের সহকারী অধ্যাপক ড. মো. জামিনুর রহমান এবং সহযোগী অধ্যাপক ডা. শাহানাজ পারভিন পরিদর্শন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন। 

পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের ভেটেরিনারি সার্জন ডা. মো. মাকসুদ উল আলম রাজন শিক্ষার্থীদের খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান এবং প্রাণিসম্পদ ব্যবস্থাপনার নানা দিক সম্পর্কে ধারণা দেন। এ সময় শিক্ষার্থীরা প্রাণীদের দৈনন্দিন পরিচর্যা, খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন এবং আধুনিক খামার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি গরু ও বাছুরের আবাসন ব্যবস্থা, সুস্থ-অসুস্থ প্রাণী শনাক্তকরণ, লাম্পি স্কিন রোগ ও ক্ষুরা রোগে আক্রান্ত প্রাণীর অবস্থা, রেকর্ড সংরক্ষণ, প্রজনন ষাঁড় ব্যবস্থাপনা এবং ফিড প্রস্তুতি সম্পর্কেও হাতে-কলমে শিক্ষা লাভ করেন।

পরিদর্শনে অংশ নিয়ে নাজমুল হুদা রাহাত বলেন, “শ্রেণিকক্ষে ও পাঠ্যবইয়ে আমরা এনিম্যাল প্রোডাকশান সম্পর্কে জ্ঞানার্জন করেছি, কিন্তু এখানে এসে সরাসরি অভিজ্ঞতা ও শিক্ষকদের আন্তরিকতায় ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগটা ছিলো অনবদ্য। প্রাণীদের বিভিন্ন রোগ ও প্রতিকার, দৈনন্দিন রুটিন, তাদের প্রতিপালন ও সর্বোৎকৃষ্ট উৎপাদনের প্রক্রিয়া হাতে কলমে শিখার অভিজ্ঞতা ভবিষ্যতের ভেটেরিনারিয়ান হতে আমাদের আমূল সাহায্য করবে।”

সহকারী অধ্যাপক ড. মো. জামিনুর রহমান বলেন, “শিক্ষা সফরটি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যত পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”