জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
আল-আমীন, কনট্রিবিউটিং রিপোর্টার, মান্দা নওগাঁ
নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষ ও সুশীল সমাজ সংগঠনের (সিএমও) অংশগ্রহণে “গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কার্যক্রম” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে বাস্তবায়িত “এনগেজ” প্রকল্পের আওতায় বুধবার (২০ মে) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন।
সভায় সবিতা ওরাওঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার আল মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার তুহিন ইসলাম, এরিয়া অফিসার মাকসুদা খানম এবং টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ ও সুশীল সমাজ সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ধরনের সংলাপ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।