প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ
আজিজুল হক, কনট্রিবিউটিং রিপোর্টার নজরুল বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে আঁকা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট থেকে দোলনচাঁপা হলের সীমানাপ্রাচীরজুড়ে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি সম্প্রতি রং করে ঢেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে সারা দেশের মতো নজরুল বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এবং ‘রক্তাক্ত জুলাই-আগস্ট’-এর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা আঁকেন নানা গ্রাফিতি ও ফটোকার্ড।
শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সেই গ্রাফিতিগুলো মুছে ফেলে নতুন করে রং করা হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “গ্রাফিতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ ছিল কি না, সেটি জানা নেই। জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার বিষয়েও আমি অবগত নই। বাউন্ডারি ওয়ালে রং করার নির্দেশনা ছিল।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে যেতে পারেন, তাই এলাকা পরিষ্কার করে রং করা হচ্ছে। যদি কোনো নির্দিষ্ট জায়গায় গ্রাফিতি থেকে থাকে, তাহলে সেটি চিহ্নিত করে সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে। আমাদের ওপর কর্তৃপক্ষের নির্দেশ ছিল দেয়ালগুলো রং করার।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর জাতীয়ভাবে উদযাপিত হতে যাওয়া কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে ত্রিশাল সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ কবি নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।