‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের অভিযোগে বড়পোল, এনায়েত বাজার ও দেবপাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Aug 25, 2026 - 20:08
 0
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের অভিযোগে বড়পোল, এনায়েত বাজার ও দেবপাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে বড়পোল, এনায়েত বাজার ও দেবপাহাড় এলাকায় এসব অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বড়পোল মোড়ে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার পাশাপাশি সড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা দূর করা হয়।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪ (আনিক-৪)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে দোকান পরিচালনা এবং মশার লার্ভা উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টির দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজনের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে, একই দিন নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ও ১৬ নম্বর ওয়ার্ডের দেবপাহাড় এলাকায়ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চসিক। এসব এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত হয় এবং জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরে আসে।

চসিক জানিয়েছে, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছ থেকে পাওয়া নাগরিক অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নগরের বিভিন্ন এলাকায় দখল, অবৈধ স্থাপনা, অপরিচ্ছন্নতা ও জনদুর্ভোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন ও জনবান্ধব পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।