ঈদ শেষে টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট অভিযান

সাদিক সিকদার, কনট্রিবিউটিং রিপোর্টার টাঙ্গাইল

Jun 3, 2026 - 19:49
 0
ঈদ শেষে টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট অভিযান
প্রতীকি ছবি

 টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 সোমবার (১ জুন) সকাল থেকে নতুন বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারসহ জেলার অন্যান্য কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ ও সকাল-সন্ধ্যা এন্টারপ্রাইজকে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভ সাংবাদিকদের জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।