বাঘাইহাটে সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল রিপেয়ারিং ও কম্পিউটার প্রশিক্ষণ
মোঃআব্দুজ জাহের ,বাঘাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি
পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটে মোবাইল রিপেয়ারিং ও কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের সাধারণ ত্রুটি শনাক্তকরণ, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের পরিচিতি, প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি কম্পিউটারের মৌলিক ব্যবহার, হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রাথমিক ধারণা এবং দৈনন্দিন কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ ছাড়া তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও আয়মুখী কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়ন করে সনদপত্র প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ দুর্গম পার্বত্য এলাকার তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম এলাকার মানুষের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।