ঈদ-ই-মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণ উদ্‌যাপনে সিএমপিতে মতবিনিময় সভা

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Aug 17, 2026 - 19:50
 0
ঈদ-ই-মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণ উদ্‌যাপনে সিএমপিতে মতবিনিময় সভা
সিএমপি আয়োজিত মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে নগরীতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সিএমপি কমিশনার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ধর্মীয় এ আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় আসন্ন ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে নগরীর সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।