থানচিতে জিপগাড়ি উল্টে চালক নিহত, আহত ৩

আমিনুল ইসলাম খন্দকার ,বান্দরবান 

Aug 30, 2026 - 23:36
 0
থানচিতে জিপগাড়ি উল্টে চালক নিহত, আহত ৩
সংগৃহীত

​বান্দরবানের থানচি উপজেলার ১১ কিলোমিটার এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জিপগাড়ি উল্টে চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জিপে থাকা তিনযাত্রী গুরুতর আহত হয়েছেন।

​রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কের রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জিপচালক মো. দেরাজ মিঞা (৫৬) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের কবির আহমদের ছেলে।

​আহতরা হলেন, কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মো. মিজান (৪২), একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস (৪০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম (৫৫)।

​স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত চালক ও আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​ঠিকাদার আবদুর রহিম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি-লিটক্রে সড়কে স্থানীয়ভাবে পাথর ও বালু সরবরাহ এবং সড়কের কার্পেটিংয়ের কাজ করে আসছেন। রোববার সকালে রেমংপাড়া ক্যাম্পের আশপাশের কাজের স্থান পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ​এ সময় তাঁর ব্যক্তিগত জিপের চালক ঘটনাস্থলেই মারা যান।

​থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুল হোসেন বলেন, গাড়ির চালক নিহত হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃধা বলেন, সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিপচালক ও আহতদের উদ্ধার করা হয়েছে।

​থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও থানচি থানা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে নিহত ও আহতদের উদ্ধার করেন।