দেশজুড়ে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

May 26, 2026 - 20:09
 0
দেশজুড়ে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
সংগৃহীত

বৈরী আবহাওয়া ও নদীতে ঝোড়ো হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা।

আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যাবে না।

এদিকে একই কারণে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি নৌরুটেও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি ও লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল গড়াতেই পাটুরিয়া ও আরিচা এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। বেলা ১১টা ২০ মিনিটের দিকে শুরু হয় তীব্র দমকা হাওয়া ও ভারি বৃষ্টি। নদীতে আকস্মিক বৈরী পরিস্থিতি তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে দ্রুত সব ধরনের নৌযান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি।

তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হলে দুপুর ১২টার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন শত শত যাত্রী।