সবুজ উদ্যোক্তা তৈরিতে তরুণদের পাশে সীড ফান্ড
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহিত করে সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সীড ফান্ডের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলার পাঁচজন তরুণ উদ্যোক্তার হাতে এ সীড ফান্ডের চেক তুলে দেওয়া হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা।
আয়োজক সূত্রে জানা গেছে, নির্বাচিত পাঁচজন তরুণ উদ্যোক্তার প্রত্যেককে পরিবেশবান্ধব ও সবুজ উদ্যোগ বাস্তবায়নের জন্য অফেরতযোগ্য এককালীন ৫০ হাজার টাকা করে সীড ফান্ড প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সীড ফান্ডের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা পরিবেশবান্ধব ব্যবসা ও বিভিন্ন সবুজ উদ্যোগ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে একদিকে তরুণদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ বাড়বে।
তিনি আরও বলেন, তরুণদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে জলবায়ু সহনশীল ও টেকসই কমিউনিটি গড়ে তোলা সম্ভব হবে।
আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও জলবায়ুবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।