ঈশ্বরগঞ্জের জাটিয়ায় কৃষক দলের উদ্যোগে ৩০০ শিক্ষার্থী পেল গাছের চারা

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ

Sep 1, 2026 - 18:18
 0
ঈশ্বরগঞ্জের জাটিয়ায় কৃষক দলের উদ্যোগে ৩০০ শিক্ষার্থী পেল গাছের চারা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ নম্বর জাটিয়া ইউনিয়নে ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে উপজেলা কৃষক দল ও জাটিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) জাটিয়া ইউনিয়নের ফানুর আশরাফুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের কোডেক-ইএমডিসি প্রজেক্টের ১০টি শিখন কেন্দ্রের ৩০০ শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য-সচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর জাটিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য-সচিব আব্দুল ওয়াদুদ খোকন।

কর্মসূচির প্রধান সমন্বয়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান খান মিল্কান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করা সম্ভব। জাটিয়া ইউনিয়নে এ কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান বিপুল, মো. খায়রুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য ও ২ নম্বর সোহাগী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন সিদ্দিক, ৩ নম্বর সরিষা ইউনিয়ন কৃষক দলের নেতা শফিকুল ইসলাম, জাটিয়া ইউনিয়ন কৃষক দলের নেতা স্বপনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিদের স্বাগত জানান কোডেক-ইএমডিসি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.কে.এম. হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন প্রকল্পটির ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. আজিজুল হক।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিরা জাটিয়া ইউনিয়নের ১০টি শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকরা জানান, শুধু চারা বিতরণ নয়, শিক্ষার্থীদের মাধ্যমে বাড়ি ও আশপাশের এলাকায় এসব গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে জাটিয়াকে আরও সবুজ করে তোলাই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রোগ্রাম অর্গানাইজার মো. লোকমান হোসেন, ১০টি শিখন কেন্দ্রের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দসহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন।