মাদারীপুরে সাত বছরের আইনি লড়াই শেষে বেকসুর খালাস পেলেন তিন ছাত্রশিবির নেতা

মাদারীপুর জেলা প্রতিনিধি

Jul 26, 2026 - 20:23
 0
মাদারীপুরে সাত বছরের আইনি লড়াই শেষে বেকসুর খালাস পেলেন তিন ছাত্রশিবির নেতা

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা। তারা হলেন— তৎকালীন মাদারীপুর জেলা সভাপতি জাকির হোসেন মোল্লা, তৎকালীন জেলা সেক্রেটারি মো. মেসবাহ্ উদ্দিন সরদার (পরবর্তীতে জেলা সভাপতি) এবং তৎকালীন রাজৈর উপজেলা সভাপতি (পরবর্তীতে জেলা সভাপতি) আরমান খালাসী।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে মাদারীপুর জেলা ছাত্রশিবিরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রায় সাড়ে তিন মাস কারাবন্দী থাকার পর তারা জামিনে মুক্তি পান।

জামিনে মুক্তি পেলেও মামলার বিচারিক কার্যক্রম অব্যাহত থাকে। গত সাত বছরে একাধিক হাজিরা, শুনানি ও বিভিন্ন আইনি প্রক্রিয়ায় অংশ নিতে হয়েছে তাদের।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান খান দীর্ঘদিন ধরে মামলাটি পরিচালনা করেন এবং আইনি সহায়তা প্রদান করেন।

সবশেষে আজ মামলার শুনানি শেষে আদালত তিন অভিযুক্তকে বেকসুর খালাস প্রদান করেন।

রায় ঘোষণার পর খালাসপ্রাপ্তরা মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি, তাদের জন্য দোয়া, খোঁজখবর ও বিভিন্নভাবে সহযোগিতা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মামলাটি পরিচালনায় ভূমিকা রাখায় আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তাঁর জন্য দোয়া কামনা করেন।