গণ বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফাইনাল খেলা দেখার আয়োজন

শিহাব আহসান, গবি প্রতিনিধি:

Jul 19, 2026 - 20:00
 0
গণ বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফাইনাল খেলা দেখার আয়োজন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার উন্মাদনা বড় পর্দার মাধ্যমে উপভোগ করা যাবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল উন্মাদনা বাড়িয়ে দিতে এ আয়োজন করছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।

সোমবার (২০ জুলাই) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে প্রজেক্টরের মাধ্যমে ফিফা বিশ্বকাপের স্পেন বনাম আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল খেলা বড় পর্দায় উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এমন আয়োজন করছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। গকসু'র সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ' সারা দেশের মতো বিশ্বকাপের উন্মাদনা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের উন্মাদনা আরো বাড়িয়ে দিতে সবাই মিলে একসাথে ফাইনাল খেলা উপভোগের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত খেলা দেখার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। পরবর্তীতে বৃষ্টি ও বন্যার কারণে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও এই আয়োজন অসম্ভব হয়ে পরে৷ তবে ফাইনাল খেলা দেখানোর বিষয়ে প্রশাসন আশ্বস্ত করেছে এবং প্রোক্টরদের সাথে কথা বলে নিরাপত্তাজনিত বিষয় নিশ্চিত করা হয়েছে। বহিরাগতরা যেন খেলা চলাকালীন সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে৷'

এরআগে, বিশ্বকাপ উপলক্ষে গত ১৪ জুন গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ফেস্টিভ্যাল-২০২৬’ আয়োজন করে গকসু। এই আয়োজনে শিক্ষার্থীদের প্রিয় দলের জার্সি এবং রঙের খেলায় বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে যায় ক্যাম্পাসজুড়ে।