চট্টগ্রামে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার কেন্দ্রে ২০০ গজের মধ্যে সব ধরনের সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 15, 2026 - 23:20
 0
চট্টগ্রামে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার কেন্দ্রে ২০০ গজের মধ্যে সব ধরনের সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন এইচএসসি ও ডিগ্রি (পাস) পরীক্ষা নির্বিঘ্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ (দুইশত) গজ সীমানার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক বহন, মিছিল-সমাবেশ, লাউড স্পিকার ব্যবহার এবং বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই, ২০২৬) সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এইচএসসি পরীক্ষা ও নির্দিষ্ট কেন্দ্রসমূহ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ জুলাই, ২০২৬ তারিখ থেকে চট্টগ্রাম মহানগরীর ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো:
১. চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
২. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
৩. সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম
৪. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম
৫. ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ, দক্ষিণ হালিশহর, বন্দর, চট্টগ্রাম

আগামী ১৭ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে এবং পরীক্ষার তারিখ পরিবর্তন হলে সেই পরিবর্তিত দিনগুলোতে সকাল ০৮:০০ ঘটিকা হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ও কেন্দ্রসমূহ
অন্যদিকে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা আগামী ১৬ জুলাই, ২০২৬ তারিখ থেকে মহানগরের ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রগুলো হলো:
১. চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
২. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
৩. সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম
৪. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম
৫. সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
৬. ওমরগনি এম.ই.এস কলেজ, চট্টগ্রাম
৭. ইসলামিয়া কলেজ, দারোগারহাট রোড, চট্টগ্রাম
৮. মহিলা কলেজ, এনায়েত বাজার, চট্টগ্রাম

ডিগ্রি পরীক্ষার নির্ধারিত দিনগুলোতে বেলা ১৩:০০ (দুপুর ১:০০) ঘটিকা হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিষয়সমূহ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত নিম্নোক্ত বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে:

অস্ত্রশস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন ও ব্যবহার।

মিছিল, সভা ও সমাবেশ অনুষ্ঠান।

উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার।

পরীক্ষা কেন্দ্রের আশেপাশের ফটোকপি মেশিন বন্ধ রাখা।

কেন্দ্রে বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্ছিত ব্যক্তিবর্গের প্রবেশ।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।