চাঁদা দাবিকে কেন্দ্র করে ডিডিএনে হামলা: অ্যাম্বুলেন্স জব্দ, ১০ জন গ্রেফতার

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

Jul 19, 2026 - 20:10
 0
চাঁদা দাবিকে কেন্দ্র করে ডিডিএনে হামলা: অ্যাম্বুলেন্স জব্দ, ১০ জন গ্রেফতার
চাঁদা দাবিকে কেন্দ্র করে ডিডিএনে হামলা: অ্যাম্বুলেন্স জব্দ, ১০ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ অভিযানে হামলাকারীদের বহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে চকবাজার থানা পুলিশ। একই সঙ্গে অ্যাম্বুলেন্সটির চালক মো. মহিউদ্দিন (৩১)-কে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শনিবার (১৯ জুলাই) পৃথক অভিযানে র‍্যাব-৭ (চট্টগ্রাম) সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ঘটনায় জড়িত আরও ৯ জনকে ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।

চকবাজার থানা পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে রাউজান থানা এলাকা থেকে হামলাকারীদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। গ্রেফতার হওয়া চালক মো. মহিউদ্দিন রাউজান উপজেলার উরকিরচর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ জানায়, গ্রেফতার হওয়া ৯ জন হলেন— মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), রোহেন মিয়া ওরফে মাইক্যাল (৩১), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)। তাদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, ডিডিএন প্রতিষ্ঠানে চাঁদা দাবির পর সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।