আমতলীতে ১৪ বছরের কিশোরী নির্যাতনের অভিযোগে খালু গ্রেপ্তার
হাবিবুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ১৪ বছরের এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে খালু আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাকদোন গ্রামে গত সোমবার সকালে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরী দুই বছর বয়সে মাকে হারান। এরপর থেকে তিনি নানা বাড়িতে বসবাস করে আসছিলেন। গত রবিবার রাতে আলমগীর হোসেন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিন সোমবার সকালে কিশোরীকে একা পেয়ে তিনি জোরপূর্বক নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে কিশোরীর নানী আমতলী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে পুলিশ কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে।
কিশোরীর নানী বলেন, আমি বিষয়টি মেনে নিতে পারিনি। তাই থানায় অভিযোগ করেছি। আমি তার কঠোর শাস্তি চাই।
ভুক্তভোগী কিশোরী বলেন, নানা বাড়িতে আমাকে একা পেয়ে তিনি জোরপূর্বক নির্যাতন করেন। আমি এর বিচার চাই।
আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।