বরগুনার আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা
হাবিবুর রহমান,কন্ট্রিবিউটিং রিপোর্টার বরগুনা
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মুহাম্মদ জয়নাল মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন খালের পাড় এলাকায় রাত সোয়া ১২টার দিকে চিৎকারের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভেন্দু রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের ছোট বোন শাহিনুর বলেন, “আমার ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।