শিবিরের ঈদ আয়োজন বন্ধ চেয়ে প্রশাসকের কাছে ছাত্রদলের আবেদন
ডেস্ক রিপোর্ট
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য দুপুরের খাবার আয়োজন তথা "ঈদের দস্তরখান " এর ব্যবস্থা করে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবির। কিন্তু এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে তা বন্ধের আবেদন করে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদল।
রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা যায়। তারা সেখানে উল্লেখ করেন,
রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে একটি ছাত্র সংগঠনের ব্যানারে "ঈদের দস্তরখান" নামক অনুষ্ঠানের আয়োজনের প্রচারণা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ঈদের দিন সাধারণত কলেজ ও হোস্টেল এলাকায় প্রশাসনিক উপস্থিতি, আনসার সদস্য ও নিরাপত্তাকর্মী খুব সীমিত থাকে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে বড় পরিসরে আয়োজন হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়, যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।
পাশাপাশি, রংপুর মেডিকেল কলেজ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীরা পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সহাবস্থান করে আসছে। কিন্তু উক্ত আয়োজনে অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও কোরবানির গরুর মাংসভিত্তিক দাওয়াতে আহ্বান জানানো হয়েছে, যা অনিচ্ছাকৃতভাবেও অনেকের ধর্মীয় অনুভূতিতে অস্বস্তি বা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমরা বিশ্বাস করি, শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো কার্যক্রম হওয়া উচিত নয় যা শিক্ষার্থীদের মাঝে বিতর্ক, বিভাজন বা অস্বস্তির পরিবেশ তৈরি করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই বক্তব্য কোনো ধর্মীয় উৎসব বা ধর্মীয় আচার পালনের বিরুদ্ধে নয়। বরং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই আমরা বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আনছি। রংপুর মেডিকেল কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করছি।