বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন প্রফেসর ড. রশিদুন্ নবী
আজিজুল হক, কনট্রিবিউটিং রিপোর্টার, নজরুল বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমির মর্যাদাপূর্ণ ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ ড. রশিদুন্ নবী। আগামী ২৩ মে বিকাল ৩টায় বাংলা একাডেমি-র আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
বীর মুক্তিযোদ্ধা ড. রশিদুন্ নবী দীর্ঘদিন ধরে নজরুল গবেষণা, সংগীতচর্চা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ১৯৮০ সাল থেকে তিনি নজরুল গবেষণায় আত্মনিয়োগ করেন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউট-এ তাঁর কর্মজীবন শুরু হয়। পরে ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অধ্যাপক (গ্রেড-১) পদে উন্নীত হন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি সংগীত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, দোলনচাঁপা হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালকের দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের এক পর্যায়ে তাঁকে রাজনৈতিক প্রতিহিংসারও শিকার হতে হয়। তৎকালীন সরকারের স্থানীয় সংসদ সদস্যের দলীয় এজেন্ডা বাস্তবায়নে অস্বীকৃতি জানালে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা যায়। পরবর্তীতে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পান এবং প্রশাসন সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়।
ড. রশিদুন্ নবী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন-এর তালিকাভুক্ত নজরুলসংগীত শিল্পী ও সংগীত পরিচালক। তিনি সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক হিসেবেও সুপরিচিত। এছাড়া নজরুল বিষয়ক গবেষণা, স্বরলিপি ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা কুড়িরও বেশি। বিভিন্ন গবেষণাধর্মী জার্নাল ও গ্রন্থে তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নজরুল গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে কবি নজরুল ইনস্টিটিউট থেকে ‘নজরুল পুরস্কার ২০১৭’, বাংলাভিশন ফাউন্ডেশন থেকে ‘কবি নজরুল স্মৃতি পদক ২০১৭’, ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া-ভিত্তিক নজরুল একাডেমি থেকে ‘নজরুল পুরস্কার ২০১৮’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ‘নজরুল পদক ২০২৫’ অর্জন করেন। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাঁকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে।