বরগুনার আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর ম.রদেহ উদ্ধার
হাবিবুর রহমান, কনট্রিবিউটিং রিপোর্টার, বরগুনা
বরগুনার আমতলী থানা পুলিশ এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধানক্ষেতে প্রায় ৫৫ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মৃত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খান বলেন, ওই নারীকে এলাকার কেউ চিনতে পারেননি। তিনি কীভাবে এখানে এসেছেন, তাও জানা যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।