নতুন উপাচার্যের কাছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা
আজিজুল হক,কনট্রিবিউটিং রিপোর্টার, নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তার যোগদানের মধ্য দিয়ে অষ্টম উপাচার্য পেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা তার নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছন। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে।
প্রত্যাশার কথা জানিয়ে ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, 'নতুন উপাচার্যকে অভিনন্দন জানাই। উপাচার্যের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমাদের বিশ্ববিদ্যালয়ের নানারকম সংকট রয়েছে। এসব সংকটকে চিহ্নিত করে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করি।বিশ্ববিদ্যালয়ের একটা মাস্টারপ্ল্যান করার প্রত্যাশা রাখি।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মান বৃদ্ধি করে আন্তর্জাতিক র্যাংকিং এ ভালো অবস্থান তৈরি করার জন্য কার্যকর ব্যবস্থা করবেন বলে আশা রাখি।গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করে উন্নতমানের গবেষক তৈরি করবেন বলে প্রত্যাশা রাখি। নতুন হলের চলমান কাজগুলো দ্রুত শেষ করে আবাসন সংকট নিরসনে তিনি বিশেষ নজর দিবেন বলে আশা করি।বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে একটি মিনি হাসপাতালে পরিণত করে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা সার্বক্ষণিক সেবা দান করার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা রাখি।'
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান(মামুন সরকার) বলেন, 'নতুন ভিসি স্যারের কাছে একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা— উনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেশনজট নিরসন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, আবাসিক হলের পরিবেশ ও খাবারের মান উন্নয়ন, মেডিকেল ও নিরাপত্তা সেবা শক্তিশালী করা, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও মতামতকে গুরুত্ব দেওয়া। আমি মনে করি শিক্ষা, মানবিকতা, জবাবদিহিতা ও উন্নয়ন একসাথে এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়।'
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তার অমি বলেন, 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্যের প্রতি একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা হলো—তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি আশা করি তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। নিয়মিত ও কার্যকর ক্লাস-পরীক্ষা পরিচালনা, গবেষণার সুযোগ বৃদ্ধি, আধুনিক শিক্ষাব্যবস্থার সংযোজন এবং দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও ক্যারিয়ার উন্নয়নের বিষয়েও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্ব গঠনের জন্য আরও বেশি কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন বিশ্ববিদ্যালয়কে আরও গতিশীল করে তুলবে। সবশেষে, নতুন উপাচার্যের প্রজ্ঞা, দূরদর্শিতা ও মানবিক নেতৃত্ব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দেবে—এটাই আমার আন্তরিক প্রত্যাশা।'
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ তৌফিক হোসেন শিমুল বলেন, 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য মহোদয়কে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। বর্তমানে শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হলো মানসম্মত ও সাশ্রয়ী খাবারের অভাব। আমরা আশা করি, স্বাস্থ্যসম্মত খাবারের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই আরও ৩-৪টি মাঠ নির্মাণ সময়ের দাবি। পরিবহন ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতিদিন অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। বিশ্ববিদ্যালয়ের নামে আরও ৪-৫টি বাস সংযোজন করা হলে এই ভোগান্তি অনেকাংশে কমবে। এছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তাগুলোর উন্নয়ন, বিশেষ করে ১নং ও ২য় গেটের রাস্তা ডাবল লেনে সম্প্রসারণ করা গেলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, আমরা আরও প্রত্যাশা করি—পরিচ্ছন্ন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস, উন্নত লাইব্রেরি, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলবেন। মাননীয় ভিসি মহোদয়, সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাস ও প্রত্যাশার প্রতীক আপনি। আপনার সততা ও দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রিয় ক্যাম্পাস নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে—এই আশাবাদ ব্যক্ত করছি।'
সংগীত বিভাগের শিক্ষার্থী আশিক শেখ বলেন, 'ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নবনিযুক্ত উপাচার্য মহোদয়কে।আপনাকে জানাই সুস্বাগতম। আপনার কাছে আমার প্রত্যাশা— ক্যাম্পাসে নিরাপত্তা ও বহিরাগত নিয়ন্ত্রণ নিশ্চিত করা। বাস সংকট নিরসন ও যাতায়াত ব্যবস্থা উন্নত করা। পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলা। হলগুলোতে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে/বিনামূল্যে ভাতের ব্যবস্থা করা। মেডিকেল সেবা, ডাক্তার ও অ্যাম্বুলেন্স সুবিধা বৃদ্ধি করা। দ্রুত সমাবর্তনের আয়োজনের দাবি জানাচ্ছি। নাম্বার টেম্পারিংসহ সকল অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাই। সর্বোপরি নিয়মিত সেমিনার, সাংস্কৃতিক ও গবেষণামূলক কার্যক্রম বৃদ্ধির প্রত্যাশা করছি।'