বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

আমিনুল ইসলাম খন্দকার ,বান্দরবান

Aug 1, 2026 - 06:25
 0
বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—ভোলা জেলার মানিকেরহাট এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।

​পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বগালেকে ভ্রমণে আসে ১০ সদস্যের একটি পর্যটক দল। দলের আটজন রাতযাপনের জন্য বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার স্থানীয়দের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে কেউক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকার একটি খাড়া ও আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান। ঘটনার পর তাদের খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত প্রায় ১২টার দিকে কয়েক ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

​রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।