আমতলীতে বাস তল্লাশিতে মিললো ১৫০০ কেজি সামুদ্রিক মাছ

হাবিবুর রহমান,আমতলী বরগুনা 

May 15, 2026 - 17:44
 0
আমতলীতে বাস তল্লাশিতে মিললো ১৫০০ কেজি সামুদ্রিক মাছ
জব্দকৃত মাছ

 সরকারি অবরোধ চলাকালেও থেমে নেই অসাধু মাছ ব্যবসায়ীদের তৎপরতা। গোপনে সামুদ্রিক মাছ পাচারের সময় বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে প্রায় ১৫০০ কেজি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার, ১৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন আমতলী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস ও তার দপ্তরের টিম।

অভিযানে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী রুমিন পরিবহনের একটি বাস আমতলী বাস কাউন্টার এলাকায় অবস্থান করছে। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে ৮টি প্যাকেটে রাখা প্রায় ১৫০০ কেজি সামুদ্রিক মাছ আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় অবরোধকালীন সময়ে মাছ পরিবহনের অপরাধে রুমিন পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা মাছগুলো আমতলী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

জব্দকৃত মাছের মধ্যে ছিল ইলিশ, পোয়া, ডাডি ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।

অভিযান ও মাছ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমতলী থানা পুলিশ, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।