দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত স্থান পরিদর্শন, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃ গোলাম কুদ্দুস, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

Aug 2, 2026 - 01:15
 0
দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত স্থান পরিদর্শন, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত স্থান পরিদর্শন, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার উপজেলা কমপ্লেক্স নির্মাণের জন্য সরকার ঘোষিত গেজেটভুক্ত স্থান পরিদর্শন করেছেন এলাকার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার উপজেলার কান্দিপাড়া ইউনিয়নের নয়াবাড়ি মৌজার জে.এল. নং-১৪৩ এলাকায় আয়োজিত এ পরিদর্শনে শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় বক্তারা বলেন, উপজেলা কমপ্লেক্সের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে যে বিভ্রান্তি ও নানা ধরনের অপপ্রচার চলছিল, সরকার নির্ধারিত গেজেটভুক্ত স্থানে পরিদর্শনের মাধ্যমে তার অবসান ঘটেছে। তারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দ্রুত উপজেলা কমপ্লেক্স নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ গফরগাঁওয়ের কৃতী সন্তান ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মাহফুজুল হক। তিনি বলেন, সরকার নির্ধারিত জে.এল. নং-১৪৩ মৌজাতেই উপজেলা কমপ্লেক্স প্রতিষ্ঠা করা উচিত। এ বিষয়ে অযথা বিভেদ সৃষ্টি না করে দক্ষিণ গফরগাঁওয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি নতুন উপজেলার প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলা শুধু একটি স্থাপনা নির্মাণের বিষয় নয়; এটি পুরো অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। তাই ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। পরিদর্শন শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজ শুরু করে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান।