দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সর্বজিৎ চাকমা, কনট্রিবিউটিং রিপোর্টার, রাঙ্গামাটি

Jun 8, 2026 - 16:58
Jun 8, 2026 - 16:59
 0
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহাল রাখার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে পাহাড়ি- বাঙালি উভয় সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মঈনুদ্দিন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের প্রত্যাশা ও স্বার্থ বিবেচনায় নিয়ে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত। একই সঙ্গে মন্ত্রণালয়ে পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক যুগ্মসচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, ব্যবসায়ী ও বিএনপি নেতা আমীর ছাবের, মারমা সম্প্রদায়ের প্রতিনিধি মংসুইনপ্রু মারমা, মানবাধিকারকর্মী লুমা লুসাই, পেশাজীবী নেতা মঈনুদ্দিন মাস্টার, সমাজসেবক টিটু মিল্কি, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও সমাজকর্মী রাবেয়া সুলতানাসহ আরও অনেকে।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।