লামায় ১০ একর পাহাড় কাটা সেই লোকমানের ৬ মাসের কারাদণ্ড

আমিনুল ইসলাম, কনট্রিবিউটিং রিপোর্টার, বান্দরবান

May 19, 2026 - 16:41
 0
লামায় ১০ একর পাহাড় কাটা সেই লোকমানের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে ১০ একর পাহাড় কাটার দায়ে অভিযুক্ত লোকমান হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তারের পর এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা সালেহ আহমদের ছেলে। তিনি বর্তমানে লামার ফাঁসিয়াখালীর ইয়াংছা বাজার এলাকায় বসবাস করছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় লোকমান হোসেন কর্তৃক অবৈধভাবে বিশাল পাহাড় কেটে সমতল করা এবং পাহাড়ি ঝিরি ভরাট করার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর আগে স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি পরিবেশ অধিদপ্তরে এই বিষয়ে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিবেশবাদী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

​আজ দুপুরের দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের একটি দল বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে ১২ থেকে ১৫ জন শ্রমিক নিয়ে পাহাড় কাটার সত্যতা হাতেনাতে মেলে। এ সময় মূল অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হলেও শ্রমিকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

​অভিযান ও দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, আইন অমান্য করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করার অপরাধে লোকমান হোসেনকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) এবং ১৫ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

​তিনি আরও বলেন, পরিবেশ ও প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।