লামার ​চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার: চট্টগ্রাম রেঞ্জের প্রশংসাপত্র পেলেন এসআই সত্যজিৎ বড়ুয়া

আমিনুল ইসলাম খন্দকার , বান্দরবান প্রতিনিধি

Jul 29, 2026 - 22:20
 0
লামার ​চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার: চট্টগ্রাম রেঞ্জের প্রশংসাপত্র পেলেন এসআই সত্যজিৎ বড়ুয়া

​বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে অসাধারণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের প্রশংসাপত্র পেলেন লামা থানার এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়া।

​সোমবার (২৭ জুলাই) দুপুট ১ টায় চট্টগ্রাম রেঞ্জ দপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান (পিপিএম), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ইন্টেলিজেন্স) সঞ্জয় সরকার উপস্থিত ছিলেন।

​অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে অসাধারণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ১৬ জনকে এই প্রশংসাপত্র প্রদান করা হয়।

​এর আগে গত রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার চৌকস পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকার ১৬ নম্বর ক্রমিকে বান্দরবান জেলার লামা থানার এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়।

​চট্টগ্রাম রেঞ্জের প্রশংসাপত্র পাওয়া এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়া বলেন, মামলা রুজুর পর বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় আমার নেতৃত্বে এএসআই প্রকাশ ঘোষসহ একটি বিশেষ অভিযান টিম গঠন করা হয়। ফলে আমরা সফল অভিযান পরিচালনা করে আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটন করি। তিনি আরও বলেন, চট্টগ্রাম রেঞ্জ থেকে প্রশংসাপত্র পাওয়াটা আমার পেশাগত জীবনের বিরাট সাফল্য। এতে আমি খুবই আনন্দিত, যা আমার কর্মক্ষেত্রের কাজের গতি ও উৎসাহ আরও বাড়িয়ে দেবে।

​লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়ার চট্টগ্রাম রেঞ্জ থেকে প্রশংসাপত্র পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের।

​উল্লেখ্য, গত ২০ মে রাতে ঘটে যাওয়া বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালককে কুপিয়ে জখম করার মামলার রহস্য উদঘাটন করেন লামা থানার এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়া। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন আলোচিত দস্যুকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।