কথা বলতে পারেন না, তবুও দুই সন্তানের মুখে অন্ন জোগাতে থেমে নেই রাশেদ

আরিয়ান ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট

Jun 8, 2026 - 22:47
Jun 8, 2026 - 22:53
 0
কথা বলতে পারেন না, তবুও দুই সন্তানের মুখে অন্ন জোগাতে থেমে নেই রাশেদ
চটপটি বিক্রেতা মোঃ রাশেদ প্রধান।

মুখ ফুটে কথা বলতে পারেন না। কারও কাছে সাহায্যও চাইতে পারেন না। কিন্তু জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মানেননি তিনি। নিজের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে পরিশ্রম আর আত্মমর্যাদার মাধ্যমে দুই সন্তানের মুখে অন্ন তুলে দিচ্ছেন ঢাকা রায়েরবাগের গ্যাস রোড এলাকার এক চটপটি বিক্রেতা মোঃ রাশেদ প্রধান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতোই নিজের ভ্যানগাড়িতে চটপটি ও ফুচকা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। কথা বলতে না পারায় ইশারা-ইঙ্গিতেই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। তার তৈরি চটপটি ও ফুচকার স্বাদের পাশাপাশি হাসিমুখ ও বিনয়ী আচরণও ক্রেতাদের মন জয় করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি কখনো কারও কাছে হাত পাতেননি। নিজের শ্রম ও সততার ওপর ভর করে এই ছোট ব্যবসা থেকে অর্জিত আয়েই সংসার চালাচ্ছেন। একই সঙ্গে দুই সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নও লালন করছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, তিনি এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। যেখানে অনেক সুস্থ-সবল মানুষও কর্মবিমুখ হয়ে পড়েন, সেখানে কথা বলতে না পারা এই মানুষটি প্রতিদিন কঠোর পরিশ্রম করে পরিবারের দায়িত্ব পালন করছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “তিনি আমাদের সমাজের জন্য উদাহরণ। প্রতিকূলতা তাকে থামাতে পারেনি। নিজের সম্মান বজায় রেখে পরিশ্রমের মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়।”

পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য মানসিক শক্তির এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন রায়েরবাগের এই চটপটি বিক্রেতা। তার জীবনসংগ্রামের গল্প সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষদের জন্য হতে পারে সাহস ও প্রেরণার উৎস।