কৃষক হয়রানি নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের উপর চটলেন খাদ্য নিয়ন্ত্রক

মাসুদ রানা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

Jun 8, 2026 - 22:20
Jun 8, 2026 - 22:28
 0
কৃষক হয়রানি নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের উপর চটলেন খাদ্য নিয়ন্ত্রক
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক

সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় কুড়িগ্রামের জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। 

সোমবার (৮ জুন) ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আগামীর সময় ও টাইমস অব বাংলাদেশ-এর কুড়িগ্রাম প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এ ঘটনা ঘটে।

সাংবাদিক তামজিদ হাসান তুরাগ জানান, সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়ম ও কৃষক ভোগান্তির অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রকের বক্তব্য জানতে চান। অফিসে তাকে না পেয়ে ফোন করলে অভিযোগের বিষয়ে কথা বলতে চাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ওই কর্মকর্তা।

তুরাগের দাবি, খাদ্য নিয়ন্ত্রক তাকে বলেন, “আমার সঙ্গে আলাপ করার কী আছে? আমি কি আপনার চাকরি করি, না আপনি আমার চাকরি করেন? আপনার বিষয় থাকলে আপনারটা আপনি দেখবেন। এগুলা নিয়ে বিরক্ত করবেন না আমাকে।” এরপর তিনি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকের প্রশ্ন করার অধিকার রয়েছে, তবে জবাব দেওয়া বা না দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। কিন্তু অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক বলেন, “কাজের ব্যস্ততায় সব সময় একই মুড থাকে না। বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয়। আমার কথা হয়তো রূঢ় মনে হতে পারে, তবে আমি খারাপ আচরণ করিনি। বিষয়টি নিয়ে মন খারাপ করার কিছু নেই। যে অভিযোগের কথা বলা হয়েছে, পরে আমি সেগুলোর সমাধান করেছি।”