খানজাহান আলী দীঘির কুমির ফিরিয়ে দেওয়ার দাবি
তানজীম আহমেদ,কনট্রিবিউটিং রিপোর্টার
বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দীঘি থেকে সরিয়ে নেওয়া কুমিরটি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মাজারের খাদেমরা। গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম।
তিনি বলেন, ঐতিহাসিক হজরত খানজাহান (রহ.) মাজারের দীঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নেওয়ায় বাগেরহাটবাসী হতাশ ও মর্মাহত। মাজারের কুমির শতবছরের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে আসে মাজার জিয়ারত ও কুমির দেখতে।সম্প্রতি কুমিরের আক্রমনে শিশুমৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।অনাকাঙ্ক্ষিত এ দূর্ঘটনার পরে দীঘি থেকে কুমির সরিয়ে নেওয়া কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা।তাই অনতিবিলম্বে মাজারের দীঘিতে কুমিরটি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
প্রশংগত, গত ১জুন রাতে মাজারের দীঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমনে এক শিশুর(৮) মৃত্যু হয়। এ ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তা বিবেচনায় জেলা প্রশাসনের সিদ্ধান্তে ৩ জুন কুমিরটি খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।