গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের কমিটি: নেতৃত্বের গুঞ্জনে কারা

​গবি সংবাদদাতা:

Jul 15, 2026 - 00:17
 0
গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের কমিটি: নেতৃত্বের গুঞ্জনে কারা
সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (এসএফবি) পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে যাচ্ছে। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও গুঞ্জন উঠেছে শীঘ্রই কমিটি ঘোষণা করবে এসএফবি। 

শীর্ষ ২ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে তাওহীদ আহমদ সালেহীন এবং জান্নাতুল ফেরদৌস রিয়া আসতে যাচ্ছেন বলে একাধিক সূত্রে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। 

​সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয়টিতে দলীয় ব্যানারের বাইরে থেকেই তারা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে এর আগে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় কমিটির কোনো নেতার নাম সামনে আসেনি। 

​আরও জানা গেছে, সম্ভাব্য কমিটির সভাপতি তাওহীদ আহমদ সালেহীন আইন বিভাগের শিক্ষার্থী এবং তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির নেতা হিসেবে ভূমিকা রেখেছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকের দায়িত্বে আসা বাংলা বিভাগের শিক্ষার্থী রিয়া দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত। 

এছাড়া, কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী ও বরিশালের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। কমিটির অন্য কোনো সদস্যের নাম এখনো প্রকাশ্যে না এলেও খুব দ্রুতই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

​এ বিষয়ে জানতে চাইলে তাওহীদ আহমদ সালেহীন জানান, দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, "কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি সামনে আসবে। তখন দায়িত্বশীল প্রত্যেকের নাম ও পদবি জানা যাবে। তবে বিশ্ববিদ্যালয় আইনের প্রতি সম্মান রেখে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে না।"

​তবে সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস রিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​উল্লেখ্য, বামপন্থী কিছু সংগঠন ও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন মোড়কে মাঝে মাঝে সক্রিয় থাকলেও তাদের প্রকাশ্যে কোনো কমিটি বা সংগঠিত কার্যক্রম দেখা যায়নি। তবে ক্যাম্পাসের বাইরে সক্রিয়তা দেখা গেছে। গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রথমবারের মক্ত গত ১১ জুন (২০২৫) বিশ্ববিদ্যালয়টিতে ১২ সদস্যের কমিটি ঘোষণা করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এরপর আরেকটি রাজনৈতিক দলের কমিটির গুঞ্জন সামনে আসলো।