মান্দায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন
আল আমিন স্বাধীন ,মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউলনবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ফটোকার্ডকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। তাদের দাবি, ওই ফটোকার্ডে প্রকাশিত তথ্য মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (৪ জুলাই) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তারা জানান, গত ৩ জুলাই "মান্দা নিউজ পয়েন্ট" নামের একটি ফেসবুক আইডি থেকে "তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউননবীর বিরুদ্ধে এমপির নির্দেশ অমান্য করে ডিপ টিউবওয়েল ভাঙচুরের অভিযোগ" শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ওই ফটোকার্ডে প্রকাশিত অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও মানহানিকর।মানববন্ধনে বক্তব্য দেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউননবী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন, ছাত্রদল নেতা হান্নান হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মামুন, স্থানীয় কৃষক টুটুল, সামসুল ইসলাম, কুদ্দুসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। তারা এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।