ময়মনসিংহের আঠারবাড়ীতে মাদকচক্রের ছুরিকাঘাতে সংকটাপন্ন জাহাঙ্গীর, গ্রেফতার ২

মিয়া সুলেমান, কনট্রিবিউটিং রিপোর্টার, ঈশ্বরগঞ্জ

Jun 8, 2026 - 13:40
 0
ময়মনসিংহের আঠারবাড়ীতে মাদকচক্রের ছুরিকাঘাতে সংকটাপন্ন জাহাঙ্গীর, গ্রেফতার ২
জাহাঙ্গীর আলম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী এলাকায় চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আহতের মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার পর্যন্ত জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মামলার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্র ও মামলার অভিযোগে জানা যায়, আঠারবাড়ী এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি ইয়াবা বিক্রির ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে থাকেন।

‎গত ৩ জুন সন্ধ্যায় শরিফুল ইয়াবার ক্রেতা খুঁজতে গিয়ে একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে দুটি ইয়াবা ট্যাবলেট নির্দিষ্ট এক ক্রেতার কাছে পৌঁছে দিতে বলেন। জাহাঙ্গীর এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শরিফুল ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করেন।

‎অভিযোগে বলা হয়, কিছু দূরে একটি দোকানের সামনে পৌঁছালে শরিফুল ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীরের পেট ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহত জাহাঙ্গীরের মা তাহমিনা বেগম বলেন, শরিফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে অনেক তরুণের জীবন নষ্ট করেছে। আমার ছেলে তার কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

‎আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, “ঘটনার সময় আমি ঘটনাস্থলের কাছেই ছিলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি শরিফুল দ্রুত স্থান ত্যাগ করছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।

‎ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ঘটনার পর দায়ের করা মামলায় অভিযুক্ত ইমন ও রবিনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।