হত্যা মামলায় যুবদলের আহবায়ক দিদারুল বহিষ্কার
মুনতাসীর আলিফ, কনট্রিবিউটিং রিপোর্টার
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদারের (৫৭) হত্যাকাণ্ড ঘিরে ঐ থানার যুবদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক নিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে রাত ৮টার দিকে রাজধানীর মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদার (৫৭) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বিল্লালের ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে আকাশকে মারধর করে।
এই ঘটনার পর মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন তিনি। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিশি বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তার সঙ্গে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে বিল্লালের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রমনা থানায় জানানো হয়েছে