গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতিতে মুখর জেলেপাড়ার গম্ভীরা মেলা

আবু বক্কর সিদ্দিক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও

Jun 9, 2026 - 23:11
 0
গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতিতে মুখর জেলেপাড়ার গম্ভীরা মেলা
গ্রামীণ গম্ভীরা মেলা

আধুনিকতার ছোঁয়ায় যখন গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের অনেক কিছুই হারিয়ে যেতে বসেছে, তখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জেলেপাড়ার গম্ভীরা মেলা এখনো সেই ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে টিকে আছে। প্রতিবছরের মতো এবারও কালীপূজা উপলক্ষে স্থানীয় জেলেদের উদ্যোগে বসেছে ঐতিহ্যবাহী এই গম্ভীরা মেলা।

মঙ্গলবার (৯ জুন) সকাল থেকেই ঢাকের তালে তালে ও বাঁশির সুরে মুখর হয়ে ওঠে পুরো মেলাপ্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় গ্রামীণ জনপদ। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে মেলাটি পরিণত হয় এক মিলনমেলায়।

মেলায় ঘুরে দেখা যায়, একদিকে চলছে গম্ভীরা ও কাটাফোঁড়া পরিবেশনের প্রস্তুতি, অন্যদিকে বসেছে নানা ধরনের দোকানপাট। কোথাও বিক্রি হচ্ছে চুড়ি, ফিতা, দুল, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, আবার কোথাও দর্শনার্থীদের ভিড় জমেছে মুখরোচক খাবারের দোকানে। শিশু-কিশোরদের আনন্দ দিতে রয়েছে নাগরদোলা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে জেলেপাড়ার জেলেরা এ মেলার আয়োজন করে আসছেন। মেলাকে কেন্দ্র করে চলে দীর্ঘদিনের প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন গ্রামে গিয়ে গম্ভীরা পরিবেশনের মাধ্যমে নিমন্ত্রণ জানানো হয় এবং সংগ্রহ করা হয় প্রণামী।

মেলায় আসা এক দর্শনার্থী বলেন, “পড়াশোনার কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয়। তাই গ্রামের এই ঐতিহ্যবাহী গম্ভীরা মেলাকে খুব মিস করি। আজ এখানে এসে সত্যিই ভালো লাগছে। আমাদের সবারই উচিত এমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখা।”

অপর এক দর্শনার্থী বলেন, “ছোটবেলায় অন্যদের সঙ্গে এই মেলায় আসতাম। এবার স্ত্রী-সন্তানকে নিয়ে এসেছি, যাতে তারা আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। মেলার নানা আয়োজন দেখে খুব ভালো লাগছে। পরিবারের সঙ্গে নাগরদোলায় চড়েও বেশ আনন্দ পেয়েছি।”

মেলা কমিটি সভাপতি তপন রায় বলেন, “আমাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এই গম্ভীরা মেলার আয়োজন করে আসছেন। আমরা সেই ঐতিহ্য ধরে রেখেছি। এবার গম্ভীরার পাশাপাশি কাটাফোঁড়ার আয়োজনও করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। আশা করছি দর্শনার্থীরা উৎসাহের সঙ্গে এতে অংশ নেবেন।”

লোকজ সংস্কৃতি, সম্প্রীতি ও গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা হিসেবে জেলেপাড়ার গম্ভীরা মেলা আজও মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।