পাবনা পুলিশ লাইনস স্কুলে ফ্যান মাথায় পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত
পাবেল হাসান, কনট্রিবিউটিং রিপোর্টার, পাবনা
পাবনা পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালীন চলন্ত সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে তামজিদ (১০) নামের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত তামজিদ পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে।
স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নম্বর রুমে পঞ্চম শ্রেণির সিলিং ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নেয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার বাবার কোন অভিযোগ নেই।