মান্দায় জয়পুর-শংকরপুর রাস্তা পাকাকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আল আমিন স্বাধীন ,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

Jul 2, 2026 - 00:50
 0
মান্দায় জয়পুর-শংকরপুর রাস্তা পাকাকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একযোগে রাস্তা পাকাকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর থেকে শংকরপুর পর্যন্ত রাস্তা পাকাকরণ এবং শংকরপুর থেকে পলাশবাড়ি রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল  উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, শিক্ষক নেতা আনিসুর রহমান, নাসির উদ্দিন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।" তিনি শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান। একই সাথে রাস্তা পাকাকরণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।