লালমনিরহাটের অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস 

মুনতাসীর আলিফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট 

Jun 28, 2026 - 10:02
 0
লালমনিরহাটের অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভেজ খান এবং মোঃ মামুনুর রশিদ।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভোটমারী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায় এবং স্থানীয় বাসিন্দারাও এর সত্যতা নিশ্চিত করেন। পরে উপস্থিত ইউনিয়ন ভূমি অফিসের প্রতিনিধি ও স্থানীয় জনগণের সহায়তায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামসমূহ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

একই অভিযানে নদী এলাকায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল ব্যবহার করে মাছ ধরার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। অবৈধ এসব জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারী ও নিষিদ্ধ জালের ব্যবহারকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।