বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের স্বীকৃতি পেলেন মান্দার তেঁতুলিয়া

আল আমিন স্বাধীন , মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

Jul 13, 2026 - 19:11
 0
বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের স্বীকৃতি পেলেন মান্দার তেঁতুলিয়া

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। এবারের জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছে নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ।

রবিবার (১১ জুলাই)  আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে এই গৌরবময় সম্মাননা স্মারক গ্রহণ করেন পরিষদের সফল চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ইউএনএফপিএ (UNFPA), সুইডেন ও কানাডা সরকারের প্রতিনিধি দল।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এস. এম. মখলেছুর রহমান কামরুল জানান, এই অর্জন শুধু তাঁর একার নয়, বরং পুরো ইউনিয়নবাসীর। আগামীতে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সম্মাননা তাঁদের আরও বেশি অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশের মাঠপর্যায়ের কাজের মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।