রংপুরের তারাগঞ্জে নিজ ঘর থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবেল হাসান,রংপুর,তারাগঞ্জ প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মোছাঃ মালেকা বেগম (৪১) ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।