মাদক ধরিয়ে দেওয়ার জেরে যুবককে অপহরণ, ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
মুনতাসীর আলিফ ,লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওড়ানী ইউনিয়নের বাসিন্দা মো. নাজমুল হক হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, মাদক কারবারের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার জেরে স্থানীয় কয়েকজন তাকে অপহরণ, নির্যাতন, চাঁদাবাজি, বাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মতো একাধিক ঘটনার শিকার করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জুন ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। এরপর থেকেই অভিযানে তথ্য দেওয়ার সন্দেহে বাদীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু হয়।
লিখিত অভিযোগ অনুযায়ী, ২৬ জুন রাতে অভিযুক্তরা পরিকল্পিতভাবে বাদীকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রেখে মারধর করেন। পরে তার বিরুদ্ধে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৪ লাখ টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির একপর্যায়ে ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এতেই শেষ নয়। অভিযোগে আরও বলা হয়, ৭ জুলাই সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট, পরিবারের সদস্যদের মারধর এবং বাদীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী তার লিখিত অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন— মো. পলাশ (২৩), মো. আল আমিন (২৫), মো. নিরব (২২), মো. শাকিরুল (২৪), মো. জাকিরুল (২৮), মো. রুবেল (২৭), মো. সোহাগ (২৬), মো. সবুজ (২২), মো. সাগর (২৪) ও মো. আকাশ (২৪)।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলি বলেন,
"আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।।